২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জনকে
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির চার কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। পরে বিলটি সংশোধন করে গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়েছে মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
ঘটনাটি ঘটেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসে। ভৌতিক বিলটি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা মোছা. আলেয়া খাতুনের বাড়িতে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
ভুক্তভোগী আলেয়া খাতুন বলেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালির কারণে এমন বিল এসেছে। বিষয়টি তাকে চরম দুশ্চিন্তায় ফেলেছিল।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম বলেন, মিটারে ব্যবহৃত ইউনিটের পরিমাণ ঠিক ছিল। তবে বিলের কপিতে ভুল ছিল। পরে সেটি সংশোধন করে নতুন বিল দেওয়া হয়েছে। সংশোধিত বিলের পরিমাণ ১ হাজার ৯৬৩ টাকা, যা গ্রাহক ইতোমধ্যে পরিশোধ করেছেন।
বিলের কপি অনুযায়ী, এক মাসে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। এই ব্যবহারের বিপরীতে বিদ্যুৎ বিল দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ মোট বিলের পরিমাণ বেড়ে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথা ছিল।
গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয় এবং পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিলটি সংশোধন করা হয়।