বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › ২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, নবম মৌসুমেই ইতি

২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, নবম মৌসুমেই ইতি

favicon
ভোরের আলো ডেস্ক:
২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, নবম মৌসুমেই ইতি

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় তারকাভিত্তিক আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন বলিউডের নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুম।


বুধবার (৩০ সেপ্টেম্বর) জিওহটস্টার প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় নিজেই এ ঘোষণা দেন ৫৪ বছর বয়সী করণ জোহর।


ভারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মৌসুমের প্রথম অতিথি হিসেবে থাকবেন বলিউড তারকা সালমান খান। আট মৌসুমে মোট ১৬১টি পর্ব প্রচারের পর অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন করণ।


‘কফি উইথ করণ’ শেষ করার পর পূর্ণ সময়ের জন্য চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিতে চান তিনি। ভারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, অনুষ্ঠানটি তার বিনোদনজগতের পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছিল। তবে বর্তমানে তার অগ্রাধিকার বদলেছে।


করণ বলেন, ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের বড় একটি অংশ। ২২ বছর ধরে অনুষ্ঠানটি চলছে—নবম মৌসুমে এসে এত দীর্ঘ সময়ের এই যাত্রার কথা ভাবতেও তার অবিশ্বাস্য লাগছে।


ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে করণ জানান, জীবনের পরবর্তী দশক তিনি আরও বেশি সিনেমা পরিচালনা এবং নতুন গল্প বলার কাজে ব্যয় করতে চান। এ কারণেই ভারাক্রান্ত মন নিয়ে অনুষ্ঠানটির নবম মৌসুমকে শেষ মৌসুম করার সিদ্ধান্ত নিয়েছেন।


অনুষ্ঠানটির সুনাম ও বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন করণ। তার ভাষায়, কথোপকথন, খোলামেলা আলোচনা ও নানা বিতর্কের জন্য পরিচিত সেই সোফায় এবারই শেষবারের মতো বসবেন তিনি।


করণ বলেন, অনুষ্ঠানটি শেষ করার সিদ্ধান্ত তার কাছে অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত। তবে দর্শকদের ভালোবাসায় দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ‘কফি উইথ করণ’-এর উত্তরাধিকার ভবিষ্যতেও মানুষের মনে বেঁচে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।