ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সভাস্থলকে তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবেন দুই হাজারের বেশি সদস্য।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন তারেক রহমান। একই সফরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যার দুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।