শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০২ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ঢাকা মহানগর উত্তর বিএনপি-যুবদল ও পশ্চিম ছাত্রদল কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপি-যুবদল ও পশ্চিম ছাত্রদল কমিটি বিলুপ্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা মহানগর উত্তর বিএনপি-যুবদল ও পশ্চিম ছাত্রদল কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, মহানগর উত্তর যুবদল কমিটি এবং মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ও নেতাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।


বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এ ছাড়া শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অনৈতিক কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী আচরণের অভিযোগের কথা উল্লেখ করা হয়।


অন্যদিকে, যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।


ছাত্রদলও ঢাকা মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃতরা হলেন— ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।


এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলও চার নেতাকে সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে। তারা হলেন— শাহআলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহআলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।


শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বহিষ্কারাদেশ অনুমোদন করেন।