বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › শিবগঞ্জে বনরুটি খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

শিবগঞ্জে বনরুটি খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
শিবগঞ্জে বনরুটি খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে ১২ জন প্রাথমিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)কে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শক।


কমিটিকে সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার লহালামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।


পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।