নিট কাপড় আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার, সহজ হলো পোশাক খাতের কাঁচামাল আমদানি
রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল আমদানির শর্ত শিথিল করেছে সরকার। এ লক্ষ্যে আমদানি নীতি আদেশে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিধানে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রপ্তানিকারকেরা আগের মতো কাপড় আমদানি করতে পারবেন।
সংশোধিত আদেশে পোশাক খাতের আমদানিসংক্রান্ত আরও কয়েকটি শর্ত সহজ করা হয়েছে। আগে ধূসর কাপড় ছাড়া অন্য কাপড় আমদানির ক্ষেত্রে প্রতিটি থান কমপক্ষে ১৮ দশমিক ২৯ মিটার দীর্ঘ হওয়ার শর্ত ছিল। কাটা বা টুকরা কাপড় আমদানির সুযোগও ছিল না।
নতুন বিধান অনুযায়ী, কৃত্রিম তন্তুর তৈরি সীমলেস ক্রীড়াপোশাক, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য এবং বিশেষ কার্যকারিতাসম্পন্ন পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অথবা নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সুপারিশ নিতে হবে।
এ ছাড়া বিশেষায়িত বস্ত্র ও হোসিয়ারি পণ্য তৈরির কাঁচামালের পরিমাণ এখন ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) অথবা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুযায়ী নির্ধারণ করা হবে।
নতুন বিধানে হোসিয়ারি ও নিট পোশাক তৈরির জন্য সুতা এবং বোনা কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্তও তুলে দেওয়া হয়েছে।