বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: প্রধানমন্ত্রী

অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: প্রধানমন্ত্রী

favicon
মাহামুদুল হাসান
অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ সালে এসব রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল, তা দেশের মানুষ দেখেছে। সাম্প্রতিক নির্বাচনে কিছু আসনে জয়ী হয়ে তারা নানা ধরনের কর্মকাণ্ড করছে বলেও মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক নির্বাচনে কিছু আসনে জয়ী হয়ে ওই রাজনৈতিক শক্তি নানা ধরনের কর্মকাণ্ড করছে বলেও মন্তব্য করেন তিনি।


বিরোধী দলগুলোর সমালোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা সরকারকে বিভিন্ন বিষয়ে নসিহত করে। এর জবাবে তিনি বলেন, অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজেদের দিকেও তাকানো উচিত।


১৯৭১ সালের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বর্তমানে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল তা দেশের প্রবীণ নাগরিকদের জানা আছে। তিনি ওই সময়ের বিভিন্ন অন্যায় ও নির্যাতনের প্রসঙ্গও তুলে ধরেন।


নানাবাড়িতে আসার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর তিনি সেখানে এসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এর আগে সম্ভবত ১৯৮৪ সালে এবং পরে ১৯৯১ সালে তিনি নানাবাড়িতে এসেছিলেন।


তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং নানাবাড়ির মানুষের জন্যও কাজ করতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুহুরী-কহুয়া নদী খননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এখন তা বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার ফেনী সফরে যান তারেক রহমান। সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হয়ে দুপুরে ঘাটঘর এলাকায় পৌঁছান তিনি। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।