শনিবার , ০৩ অক্টোবর ২০২৬
শনিবার , ০৩ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

favicon
ভোরের আলো ডেস্ক:
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

সেনাবাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের বিশেষ চালান পাবনার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে ইউরেনিয়ামবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়।


সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ নিরাপত্তাবহর চালানটি নিয়ে রওনা দেয়। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং আরেকটি লরিতে অন্যান্য সরঞ্জাম পরিবহন করা হচ্ছে। বহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও রয়েছেন।


চালান বহরের চলাচল নির্বিঘ্ন করতে নির্ধারিত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


এর আগে শুক্রবার রাতে নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায়। পরে চালানটি বুঝে নেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে।