রপ্তানির আগে ঋণ পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ স্কিমের আওতায় নতুন ঋণ সুবিধায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে। আগে এই সুদের হার ছিল ৫ শতাংশ।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক্-অর্থায়ন তহবিল থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। এর ফলে এ স্কিমের মোট তহবিল বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা। অন্যদিকে প্রাক্-অর্থায়ন তহবিলের অবশিষ্ট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকা।
নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। আর বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার বিপরীতে অংশগ্রহণকারী ব্যাংককে ৩ শতাংশ সুদ দিতে হবে। আগে এ হার ছিল ২ শতাংশ।
সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনঃঅর্থায়নের অর্থ পরিশোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে।
এ ছাড়া পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া ব্যাংক মেয়াদ শেষ হওয়ার আগে নেওয়া অর্থের পুরোটা পরিশোধ অথবা আংশিক সমন্বয় করতে পারবে। এ ক্ষেত্রে আগাম পরিশোধ বা আংশিক সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।