শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায়, নির্দিষ্ট সময়সীমা নেই: দীনেশ ত্রিবেদী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা ভারতে যাওয়ার প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাঁকে নিতে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। তৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশ থেকেই তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল।
ভারত ওই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল না উল্লেখ করে তিনি বলেন, সে সময় বিকল্প কোনো পরিস্থিতির কথাও ভারত বিবেচনা করেনি। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে শরীফ ওসমান হাদী হত্যা মামলার আসামিকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকট আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। এর আগে আগস্টে তিনি দুই দেশের শীর্ষ নেতৃত্বের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেছিলেন।