রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ, এআই ছবি ছড়ানোর দাবি প্রেস উইংয়ের

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ, এআই ছবি ছড়ানোর দাবি প্রেস উইংয়ের

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ, এআই ছবি ছড়ানোর দাবি প্রেস উইংয়ের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া রিসেপশনের একটি ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে।


সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।


সম্প্রতি হোয়াইট হাউস থেকে রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।


প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের দাবি, ছবিটি প্রকাশের পর একটি পক্ষ সেটি নিয়ে বিভ্রান্তিকর প্রচার শুরু করে। মূল ছবিটিকে মিথ্যা হিসেবে উপস্থাপনের পাশাপাশি এর বিপরীতে একটি এআই-নির্মিত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে।


প্রেস উইং জানায়, প্রচারিত এআই-নির্মিত ছবিটিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে।


প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করার পাশাপাশি ওই এআই-নির্মিত ছবিটিকে আসল ছবি হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।