মোহাম্মদপুরে চার্চ থেকে ৭০ কেজির পিতলের ঘণ্টা চুরি, গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন তুহিন ও বাদশা।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ।
পুলিশ জানায়, চার্চ থেকে ঘণ্টাটি চুরির পর রিকশায় করে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোরদের শনাক্ত করা হয়। পরে ওই ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে তুহিন ও বাদশাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল হামিদ জানান, চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটিও সিসিটিভি ফুটেজের সহায়তায় শনাক্ত করে পরিত্যক্ত অবস্থায় অক্ষত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এসব ক্যামেরার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও সহজ হয়েছে।
ওসি আরও জানান, এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।