সাইবার সুরক্ষা আইন যেন কণ্ঠরোধের হাতিয়ার না হয়: এবি পার্টি লইয়ার্স
প্রস্তাবিত 'সাইবার সুরক্ষা আইন' যেন নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশে বাধা কিংবা কণ্ঠরোধের অসীম হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সরকারের প্রতি কড়া সতর্কতা বার্তা দিয়েছে এবি পার্টি লইয়ার্স।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের বক্তারা এই আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারই নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন আইনের অপব্যবহার করে এসেছে। এর ফলে সাধারণ মানুষের মৌলিক ও নাগরিক অধিকার বারবার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত 'নতুন বাংলাদেশ' গড়ার প্রক্রিয়ায় প্রস্তাবিত এই আইন যেন কোনোভাবেই নতুন প্রতিবন্ধকতা তৈরি না করে—সেটি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও আশঙ্কাপ্রকাশ করে বলেন, আইনটির বর্তমান খসড়া চূড়ান্ত হলে তা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করবে। এটি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করবে এবং বিরোধী দলসহ মুক্তচিন্তার মানুষের মতামতকে দমন করার পথ সুগম করবে। তাই খসড়া আইনটি সংশোধনের দাবি জানান তারা।