দিল্লিতে চারতলা ভবন ধসে গর্ভবতী নারীসহ নিহত ৩
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় চারতলা একটি ভবন ধসে গর্ভবতী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় আটজনকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সীমাপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবন ধসে পড়ার পর উদ্ধারকারী দল অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আটজনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়।
উদ্ধার হওয়া আহতরা হলেন মোমিন মির্জা (৫৬), আবদান (৩), আব্দুল রহমান (২৮), দেবরুদ্দিন (২৮), সালমা (৫০), ছোটে (৩৪), সাকিনা (৩৫) ও সামাদ (৩০)।
নিহতদের মধ্যে প্রায় ১২ বছর বয়সী এক কিশোরী এবং গুলাফসা নামের ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। গুলাফসা প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। নিহত তৃতীয়জনও একটি শিশু।
ভবন ধসের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেলে মর্মান্তিক দুর্ঘটনার প্রায় এক মাস পর সীমাপুরিতে এ ভবন ধসের ঘটনা ঘটল। সত্য নিকেতনের ওই ঘটনায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন।