শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা সরকারের

সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা সরকারের

favicon
মাহামুদুল হাসান
সারাদেশে হৃদরোগ চিকিৎসায় আলাদা সেন্টার করার পরিকল্পনা সরকারের

সারাদেশে হৃদরোগের চিকিৎসার জন্য আলাদা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে সরকার। চিকিৎসাসেবা সবার নাগালের মধ্যে রাখতে মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, এসব কেন্দ্রে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত হৃদরোগ বিশেষজ্ঞের সংখ্যাও বাড়াতে হবে। সবার জন্য সহজলভ্য ও মানসম্মত হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।


হৃদরোগকে বাংলাদেশের মৃত্যুর অন্যতম প্রধান কারণ উল্লেখ করে তিনি এ রোগ প্রতিরোধে নিয়মিত হাঁটার পরামর্শ দেন। পাশাপাশি হাসপাতালগুলোতে প্রশিক্ষিত পরামর্শক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ সময় রোগীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সারাদেশে হৃদরোগের জরুরি রোগী পরিবহনে কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সের একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান ডা. এম এ মুহিত।