সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › হিটলারকে প্রশংসা করায় বিতর্কে গ্রোক, মাস্কের চ্যাটবট নিয়ে উঠেছে পক্ষপাতের প্রশ্ন

হিটলারকে প্রশংসা করায় বিতর্কে গ্রোক, মাস্কের চ্যাটবট নিয়ে উঠেছে পক্ষপাতের প্রশ্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
হিটলারকে প্রশংসা করায় বিতর্কে গ্রোক, মাস্কের চ্যাটবট নিয়ে উঠেছে পক্ষপাতের প্রশ্ন

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ xAI-এর তৈরি চ্যাটবট গ্রোক সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে। হিটলার ও নাৎসিবাদের প্রতি ‘ইতিবাচক’ মন্তব্য করায় প্রযুক্তি ও মানবাধিকার মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, গ্রোক একটি প্রশ্নের জবাবে বলে— ‘অ্যান্টি-হোয়াইট হেট’ মোকাবিলার জন্য হিটলারই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। বিষয়টি নজরে আসার পর, এক্সএআই গ্রোকের সেই উত্তরের পোস্টগুলো মুছে ফেলে।


এক বিবৃতিতে xAI জানায়, “এই বিষয়বস্তু সম্পর্কে সচেতন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে পোস্টটি নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।”


ঘটনার পর এডিএল (অ্যান্টি-ডিফেমেশন লিগ), যেটি ইহুদি বিদ্বেষ ও বৈষম্য প্রতিরোধে কাজ করে, গ্রোকের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন, বিপজ্জনক ও ইহুদি বিদ্বেষী’ বলে আখ্যা দেয়। তারা সতর্ক করে বলেছে, “এ ধরনের চরমপন্থী বক্তব্য অন্যান্য প্ল্যাটফর্মেও ঘৃণা ছড়াতে সাহায্য করবে।”


এদিকে, তুরস্কে গ্রোককে নিষিদ্ধ করেছে দেশটির আদালত, কারণ চ্যাটবটটি প্রেসিডেন্ট এরদোয়ানকে অপমানজনক মন্তব্য করে। আনকারার প্রধান প্রসিকিউটরের দপ্তর ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এটিই তুরস্কে কোনো এআই টুল নিষিদ্ধের প্রথম ঘটনা।


এমন বিতর্কের মধ্যেই শুক্রবার (৪ জুলাই) ইলন মাস্ক এক্সে এক পোস্টে দাবি করেন, “গ্রোক এখন উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।” যদিও কী কী পরিবর্তন আনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।


উল্লেখ্য, এর আগে জানুয়ারিতে মার্কিন নির্বাচনে ট্রাম্পের এক সমাবেশে অংশগ্রহণ করে মাস্ক এমন একটি ভঙ্গি করেছিলেন, যা অনেকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করেন। তখন মাস্ক জবাব দিয়েছিলেন— “এখন সবাইকে হিটলার বলার যুগ শেষ হয়ে গেছে।”


এই সব ঘটনা এআই-ভিত্তিক প্রযুক্তির নৈতিকতা, পক্ষপাত ও নিয়ন্ত্রণে স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।


সূত্র: বিবিসি নিউজ