ইসরায়েলের অপরাধ উন্মোচনের চেষ্টায় জাতিসংঘ দূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
গাজা যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করেছে— সে সংক্রান্ত তথ্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করায় বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন।
তবে আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ফ্রান্সেসকা আলবানিজ এই নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে বলেন, “আমি ব্যস্ত আছি সদস্য রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ করতে ও দোষীদের শাস্তির দাবি জানাতে মনে করিয়ে দিতে। যারা এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে, তাদের বিরুদ্ধেই আমার অবস্থান।”
এক টেক্সট বার্তায় তিনি আরও লিখেছেন, “মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
এছাড়া বুধবার সকালে আলবানিজ ইউরোপীয় দেশগুলোকে কড়া সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ইতালীয়, ফরাসি ও গ্রিক জনগণের জানা উচিত, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত তাদের নিরাপত্তা ও মর্যাদাকে হুমকির মুখে ফেলছে।”
সূত্র: আল জাজিরা
/এআই/