সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল কিয়েভ, নিহত ২

রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল কিয়েভ, নিহত ২

favicon
অনলাইন সংস্করণ
রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল কিয়েভ, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৯ জুলাই) রাতভর চলা এই হামলায় অন্তত ২ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি সূত্রে।


কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে কিয়েভের কেন্দ্রস্থলের শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে আঘাত লাগে।


সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, “রাজধানীর ছয়টি জেলায় আবাসিক ভবন, যানবাহন, গুদাম, অফিসসহ নানা স্থাপনায় আগুন লেগেছে।”

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, পোডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র “প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস” হয়ে গেছে।


এ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে একাধিক বিস্ফোরণের চিত্র দেখা গেছে।


এর একদিন আগেই, মঙ্গলবার (৮ জুলাই) রাতে ইউক্রেন জানিয়েছিল, রাশিয়া ওই দিন চালিয়েছে এ পর্যন্ত সবচেয়ে বড় হামলা। সেদিন ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনজুড়ে নিক্ষেপ করা হয়।


রাশিয়ার এই সাম্প্রতিক আগ্রাসনের পেছনে কারণ হিসেবে অনেকে বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সরাসরি সমালোচনা।


কিয়েভে এখনও ধোঁয়ার অস্তিত্ব রয়েছে বলে জানিয়ে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার এবং সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


/আন্তর্জাতিক ডেস্ক/