এক ব্যক্তি একাধিক পদে নয়—জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত
একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে জানানো হয়।
কমিশন জানিয়েছে, যদি কোনো রাজনৈতিক দল এ সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করে, তারা জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি) যুক্ত করতে পারবে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘‘দীর্ঘ আলোচনার পর অধিকাংশ দল একমত হয়েছে যে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে। তবে বিএনপি ও সমমনা দলগুলো ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের মতে, এতে সাংবিধানিক কোনো সমস্যা হয় না।’’
অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বেশিরভাগ দল প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে।
দিনের আলোচনার শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।