তুরস্কে ভয়াবহ দাবানল, আগুনে আটকা পড়ে ১০ দমকলকর্মীর মৃত্যু
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) থেকে তুরস্কের এসকিসেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল ও উদ্ধারকারী দল।
তুরস্কের কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, বুধবার (২৩ জুলাই) হঠাৎ বাতাসের দিক পাল্টে গেলে ২৪ জন দমকলকর্মী আগুনে আটকা পড়ে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ১০ জন মারা গেছেন এবং বাকি ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী দমকলকর্মী এরকান টেমেল ইহলাস নিউজ এজেন্সিকে বলেন, “তারা পাহাড়ের ওপরে আগুন নেভাচ্ছিলেন, আমরা ছিলাম নিচে। তারা আগুন থেকে পাহাড় বেয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।”
বিচারমন্ত্রী ইলমাজ টুনক এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, ঘটনার আইনি তদন্ত শুরু করেছে প্রসিকিউশন কর্তৃপক্ষ।
ইব্রাহিম ইউমাকলি আরও জানান, বুধবার পর্যন্ত তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে সাতটি দাবানল জ্বলছে।