ফ্রান্সের স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ঘোষণা
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যাকরন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।”
পোস্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠিও প্রকাশ করেন ম্যাকরন, যেখানে তিনি প্রথমবারের মতো কোনো পশ্চিমা পরাশক্তির পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।
ফিলিস্তিনি জনগণ ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের এই সাহসী পদক্ষেপের ফলে পশ্চিমা বিশ্বের অনেক দেশই নিজেদের অবস্থান নতুনভাবে মূল্যায়ন করতে পারে।