মোদি ক্ষমতায় টানা ৪,০৭৮ দিন, ইন্দিরার রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বকালের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২৫ জুলাই) একক ও নিরবচ্ছিন্নভাবে টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থেকে দেশটির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের টানা শাসনকালকে পেছনে ফেলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মাইলফলক অর্জনের মাধ্যমে মোদি এখন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দ্বিতীয় প্রধানমন্ত্রী।
মোদি ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া একমাত্র প্রধানমন্ত্রী, কংগ্রেস দলের বাইরে সবচেয়ে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা নেতা এবং হিন্দিভাষী নয় এমন রাজ্য থেকে উঠে আসা সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাস গড়েছেন।
তিনি একমাত্র কংগ্রেস-বহির্ভূত প্রধানমন্ত্রী যিনি দুটি পূর্ণ মেয়াদ সফলভাবে শেষ করে তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনঃনির্বাচিত হয়েছেন।
১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর পর মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছেন।
এছাড়া, তিনি ভারতের একমাত্র নেতা যিনি রাজ্য ও কেন্দ্র মিলিয়ে টানা ছয়বার কোনো দলের নেতা হিসেবে বিজয়ী হয়েছেন—গুজরাটে (২০০২, ২০০৭, ২০১২) এবং কেন্দ্রীয় লোকসভা নির্বাচনে (২০১৪, ২০১৯, ২০২৪)।
প্রায় ২৪ বছরের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের অভিজ্ঞতায় এ অর্জন তার রাজনৈতিক জীবনে আরও এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।