৪১ বছর পর মুক্তি: ফিলিস্তিনপন্থী বিপ্লবী জর্জ ইব্রাহীম ফিরলেন মাতৃভূমিতে
দীর্ঘ ৪১ বছর ফ্রান্সের কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ বিপ্লবী জর্জ ইব্রাহীম আব্দুল্লাহ। মার্কিন সামরিক কর্মকর্তা ও ইসরায়েলি কূটনীতিককে হত্যার অভিযোগে ১৯৮৪ সালে ফরাসি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়েছে, তবে শর্ত ছিল—জীবদ্দশায় আর কখনও ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (২৫ জুলাই) বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে মিলনে আবেগাপ্লুত হয়ে পড়েন জর্জ। সাংবাদিকদের সামনে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া পরে বক্তব্য দেন এই প্রবীণ বিপ্লবী। বলেন, “আমরা জয়ের দিকে এগোচ্ছি। শত্রুদের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই চলবে। ইসরায়েল তাদের শেষ অধ্যায়ে পা রেখেছে।”
জর্জ ইব্রাহীম আব্দুল্লাহ ১৯৫১ সালে লেবাননের কোবাইয়াত শহরের এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান এবং টুলুজ বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়াকালীন বামপন্থী ও বিপ্লবী চিন্তাধারায় প্রভাবিত হন। এই দর্শনের উপর ভিত্তি করেই গড়ে ওঠে তার রাজনৈতিক বিশ্বাস।
লেবাননের ৭০ এর দশকের গৃহযুদ্ধ শুরু হলে তিনি মাতৃভূমিতে ফিরে আসেন এবং যোগ দেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন–জেনারেল কমান্ড সংগঠনে। উপনিবেশবাদবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রামে অংশ নেন তিনি, যার ফলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে চলে আসেন।
১৯৮৪ সালে ফ্রান্সের লিওন শহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযোগ ছিল—প্যারিসে মার্কিন সামরিক কর্মকর্তা চার্লস রবার্ট রে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকোভ বারসিমানটোভকে হত্যার পেছনে তার সম্পৃক্ততা রয়েছে।
দীর্ঘ কারাবাস শেষে তাকে বরণ করতে রাফিক হারিরি বিমানবন্দরে জড়ো হয় শত শত মানুষ। নেতাকে ঘিরে ভালোবাসা, স্লোগান আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।