আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী 'হান্দালা' জাহাজ আটক করল ইসরায়েল
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা জাহাজ ‘হান্দালা’কে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী—এমনটাই জানিয়েছে আয়োজক সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দূরে জাহাজটি অবস্থান করছিল।
এফএফসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৪৩ মিনিটে ইসরায়েলি বাহিনী জাহাজটির সমস্ত ক্যামেরা বিচ্ছিন্ন করে দিলে হান্দালার সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংগঠনটির অভিযোগ—‘অস্ত্রহীন জাহাজটি যখন গাজার জন্য জীবনরক্ষাকারী সহায়তা নিয়ে যাচ্ছিল, তখন ইসরায়েলি বাহিনী এটি জবরদখল করে, যাত্রীদের আটক করে এবং বহনকৃত মালামাল জব্দ করে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হওয়ায় এটি আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন।’
জাহাজটিতে ১২টি দেশের ২১ জন মানবাধিকার কর্মী ছিলেন। তাদের সঙ্গে ছিল গাজার জন্য জরুরি খাদ্য, শিশু খাদ্য, ডায়াপার ও ওষুধসহ মানবিক সহায়তা।