বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সন্ত্রাসবাদে জিরো টলারেন্সে অটল সরকার: প্রধান উপদেষ্টা

সন্ত্রাসবাদে জিরো টলারেন্সে অটল সরকার: প্রধান উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
সন্ত্রাসবাদে জিরো টলারেন্সে অটল সরকার: প্রধান উপদেষ্টা

সন্ত্রাসবাদ দমনে সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।


সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।


প্রধান উপদেষ্টা আরও বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”


প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান শুল্কনীতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সমর্থন পুনর্ব্যক্ত করেন।


প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গঠনে কাজ করা জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কমিশন ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন।”


এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।