গোপালগঞ্জে বাস পুকুরে পড়ে চালক নিহত, আহত ১৪
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বাসচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন যাত্রী।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) গভীর রাতে, ঢাকা-বরিশাল মহাসড়কের দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায়।
নিহত চালকের নাম রফিক সিকদার (৪৩)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী গ্রামের বাসিন্দা ছিলেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আমিনুর ইসলাম জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসচালকসহ মোট ১৫ জন আহত হন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক বাসচালক রফিক সিকদারকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।