২. উন্নত খাদ্যের ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রস্তুত
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘের খাদ্য সম্মেলনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ সকল অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।
বাংলাদেশ গত কয়েক দশকে খাদ্য উৎপাদন, পুষ্টি এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে এখন দেশে চালের স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। মৎস্য, শাকসবজি ও পশুপালনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তবে, জলবায়ু পরিবর্তন, মূল্য অস্থিরতা, ভূমি ক্ষয়, পানীয় জলের সংকট ও বাড়তে থাকা বৈষম্য বাংলাদেশের খাদ্য ব্যবস্থার বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এছাড়াও নগরায়ণ, বেকারত্ব ও অপুষ্টি মোকাবেলায়ও উদ্বেগ রয়েছে।
তিনি বিশেষভাবে নারীর ক্ষমতায়ন, দুর্বল জনগোষ্ঠীর খাদ্যের ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থাকে টেকসই করতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তার সুযোগ বৃদ্ধির পাশাপাশি জাতীয় খাদ্য ব্যবস্থার রূপান্তরের জন্য বহু-অংশীদারী প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জাতিসংঘের খাদ্য ব্যবস্থা (ইউএনএফএসএস+৪) সম্মেলনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি খাত, নাগরিক সমাজ, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষাবিদরা উপস্থিত থেকে বিশ্বকে একটি অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক, স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।