বাংলাদেশে হানডা ইন্ডাস্ট্রিজের ২৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন।
প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করলেও, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতার ফলে তা বাড়িয়ে ২৫০ মিলিয়নে উন্নীত করা হয়।
হানডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে— যার মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি হবে নিটিং ও ডায়িং ইউনিট। এই প্রকল্পগুলোতে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান হান চুন বলেন, “বিডা, বেজা ও বেপজার সঙ্গে আমাদের আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। এটাই আমাদের বিনিয়োগ পরিকল্পনা আরও সম্প্রসারিত করতে আত্মবিশ্বাস জুগিয়েছে।” তিনি আরও জানান, “আমরা বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতে আধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”
বিডা, বেজা ও বেপজার কর্মকর্তারা জানান, এটি বাংলাদেশের বস্ত্র খাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হানডার বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “আপনি চীনা বিনিয়োগের নেতৃত্ব দিন এবং অন্যদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করুন।”
হান চুন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা কারখানার একটি নকশা উপস্থাপন করলে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমার কাছে একটি চমৎকার চিত্রকলার মতো।”
জানা গেছে, প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে মিরসরাইয়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি বরাদ্দ ও সুবিধা চূড়ান্ত করার কাজ চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।