বৈঠকে ভরপুর জাতিসংঘ, আগ্রহ নেই মানুষের; কার্যকারিতা নিয়ে প্রশ্ন
জাতিসংঘের নিজস্ব একটি প্রতিবেদনে উঠে এসেছে, সংস্থাটির প্রকাশিত রিপোর্টে মানুষের আগ্রহ দিন দিন কমছে। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিতে পারায় সংস্থাটির গ্রহণযোগ্যতা নিয়েও বাড়ছে সমালোচনা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানান, ২০২৪ সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ২৭ হাজার বৈঠক হয়েছে। শুধু তাদের সচিবালয় একাই তৈরি করেছে ১ হাজার ১০০টি রিপোর্ট। তবে এসব রিপোর্ট পাঠকের তেমন আগ্রহ পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
মহাসচিব বলেন, জাতিসংঘ ব্যবস্থার টেকসইতা নিশ্চিত করতে কম সভা, কম রিপোর্ট এবং আরও কার্যকর ফরম্যাটে প্রতিবেদন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘের শীর্ষ ৫টি রিপোর্ট মাত্র ৫ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছে এবং প্রতি পাঁচটি রিপোর্টের মধ্যে একটি ডাউনলোড হয়েছে এক হাজার বারেরও কম।
২০২৫ সালে ৮০ বছরে পা দিচ্ছে জাতিসংঘ। তবে নিয়মিত সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া পরিশোধ না করায় গত সাত বছর ধরে সংস্থাটি অর্থনৈতিক সংকটে ভুগছে। এই প্রেক্ষাপটে গত মার্চে ‘UN80 টাস্কফোর্স’ গঠন করেন মহাসচিব, যার লক্ষ্য জাতিসংঘের খরচ কমিয়ে কার্যকারিতা বাড়ানো।
বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংস্থার কার্যকারিতা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠছে।