শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্ব৩১ বছর হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম, যুক্তরাষ্ট্রে রেকর্ড সৃষ্টি

৩১ বছর হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম, যুক্তরাষ্ট্রে রেকর্ড সৃষ্টি

favicon
অনলাইন সংস্করণ
৩১ বছর হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম, যুক্তরাষ্ট্রে রেকর্ড সৃষ্টি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে জন্ম নিলো এক নবজাতক, যার ভ্রূণ ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল। ভ্রূণ সংরক্ষণ থেকে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে এটি একটি বিশ্ব রেকর্ড।


এমব্রায়ো অ্যাডপশন বা ভ্রূণ দত্তক প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ্যাত্বের সঙ্গে লড়াই করা লিন্ডসে ও টিম পিয়ার্স ১৯৯৪ সালে দান করা একটি ভ্রূণ ব্যবহার করে সন্তান লাভের সিদ্ধান্ত নেন। অবশেষে গত ২৬ জুলাই তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান—যার ভ্রূণ ছিল ১১,১৪৮ দিন ধরে হিমায়িত।


"জীবনের একটি নতুন প্রতিফলন"

এই চিকিৎসা প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ডা. জন ডেভিড গর্ডন, যিনি জানান, এটি এ পর্যন্ত হিমায়িত ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুর মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী সংরক্ষণের রেকর্ড। এর আগে ৩০ বছর হিমায়িত থাকা ভ্রূণ থেকে লিডিয়া ও টিমোথি রিজওয়ের জন্ম হয়েছিল—সেখানেও গর্ডনের ক্লিনিক সহায়তা করেছিল।


আবেগঘন ভ্রূণ দান ও নতুন সম্পর্কের সূচনা

ভ্রূণ দানকারী লিন্ডা আর্চার্ড, যিনি ১৯৯৪ সালে আইভিএফ চিকিৎসা গ্রহণ করেছিলেন, জানান—তিনি সবসময় মনে করতেন, ভ্রূণগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। তার বিবাহবিচ্ছেদের পর অতিরিক্ত ভ্রূণগুলো আর ব্যবহার করার সুযোগ হয়নি, আর সময়ের সঙ্গে সঙ্গে তিনি অপরাধবোধে ভুগতে থাকেন।


অবশেষে তিনি যোগাযোগ করেন স্নোফ্লেকস নামক একটি দত্তকসংস্থা শাখার সঙ্গে, যারা ভ্রূণ দান ও দত্তক ব্যবস্থা করে থাকে। আর্চার্ড বলেন, “আমি চাইছিলাম এই শিশুর জীবনের একটি অংশ হতে। তাদের সঙ্গে পরিচিত হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ।”


জটিলতা ও সফলতা একসঙ্গে

ভ্রূণ দান প্রক্রিয়াটি সহজ ছিল না। আর্চার্ডকে পুরনো রেকর্ড সংগ্রহ করে প্রাথমিক ফার্টিলিটি ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং ভ্রূণগুলো ওরেগন থেকে টেনেসিতে স্থানান্তর করা হয়। তিনটি ভ্রূণের মধ্যে একটি গলানোর পর নষ্ট হয়ে যায়, বাকি দুটি থেকে একটি লিন্ডসে পিয়ার্সের জরায়ুতে স্থাপন করা হয়—যেটি সফলভাবে গর্ভধারণে রূপ নেয়।


একটি রেকর্ডের চেয়েও বেশি কিছু

লিন্ডসে ও টিম পিয়ার্স এক বিবৃতিতে জানান, “আমরা রেকর্ড গড়ার জন্য এই পথ বেছে নিইনি, আমরা শুধু একটি সন্তান চেয়েছিলাম।”


ডা. গর্ডনও বলেন, “এই ঘটনা মানুষকে কল্পনা করতে শেখায়, কিন্তু একই সঙ্গে প্রশ্নও তোলে—এই ভ্রূণগুলো এতদিন ধরে কেন হিমায়িত রয়ে গেল? এবং ভবিষ্যতে এদের কী হবে?”


ভ্রূণ সংরক্ষণ ও আইনগত বিতর্ক

যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে প্রায় ১৫ লাখ হিমায়িত ভ্রূণ সংরক্ষিত আছে, যেগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। অনেক দম্পতি অতিরিক্ত ভ্রূণ কীভাবে ব্যবহার করবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন।


২০২৪ সালে আলাবামা সুপ্রিম কোর্ট এক রায়ে হিমায়িত ভ্রূণকে “আইনগত শিশু” হিসেবে স্বীকৃতি দিলে বিতর্ক আরও জোরালো হয়। যদিও রাজ্য কর্তৃপক্ষ ক্লিনিকগুলোর জন্য একটি অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা দেয়, ভ্রূণগুলোর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন থেকে যায়।


আশা ও মানবিক সংযোগ

আর্চার্ড বলেন, “আমি আশা করি তারা ছবি পাঠাবে। ইতোমধ্যে কয়েকটি ছবি পেয়েছি, কিন্তু আমি তাদের একদিন সামনে থেকে দেখতে চাই। সেটাই হবে আমার জন্য স্বপ্নপূরণ।