বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধই থাকছে: ঘোষণা দিল কানাডা

ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধই থাকছে: ঘোষণা দিল কানাডা

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধই থাকছে: ঘোষণা দিল কানাডা

গাজায় চলমান সংঘাতে ব্যবহারের সম্ভাবনা থাকা সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ জানিয়েছেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে ইসরায়েলে সামরিক পণ্য রপ্তানির জন্য কোনো নতুন লাইসেন্স দেওয়া হয়নি এবং এই স্থগিতাদেশ এখনো বহাল আছে।


রোববার (৩ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে আনন্দ স্পষ্ট করে বলেন, “গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন কোনো সামগ্রী রপ্তানির অনুমোদন দেওয়া হয়নি। ২০২৪ সালের শুরুতেই আমরা লাইসেন্স দেওয়া বন্ধ করেছি এবং তা এখনো স্থগিত আছে।”


সম্প্রতি ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে এখনো ইসরায়েলে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এ দাবি নাকচ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, “প্রতিবেদনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করেছে।”


তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, তা আসলে পেইন্টবল জাতীয় এবং সঙ্গে থাকা যন্ত্রাংশ অস্ত্রকে নিরস্ত করতে সক্ষম। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। তাছাড়া, এমন কিছু রপ্তানি করতে হলেও বৈধ লাইসেন্স প্রয়োজন, যা কখনোই দেওয়া হয়নি।”


আনন্দ আরও নিশ্চিত করেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেও কোনো কানাডীয় প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলকে মর্টার সরবরাহ করেনি।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কোনো প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—যার মধ্যে জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি অভিযোগ অন্তর্ভুক্ত থাকবে।”


তবে এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে চারটি এনজিও—World Beyond War, Palestinian Youth Movement, Canadians for Justice and Peace in the Middle East, এবং Independent Jewish Voices—এক যৌথ প্রতিবেদনে দাবি করেছে, এখনো কানাডা থেকে ‘মিলিটারি ওয়েপন পার্টস’ ও ‘অ্যামুনিশন’ ইসরায়েলে পাঠানো হচ্ছে। তারা ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য ও শিপমেন্ট কাগজপত্রকে এর প্রমাণ হিসেবে তুলে ধরে।


এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের সদস্য ইয়ারা শুফানি বলেন, “এই তথ্য প্রমাণ করে—সরকার যতই অস্বীকার করুক, বাস্তবে কানাডা এখনো ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে।”