কাওলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী (৩০) নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভাড়া করা একটি মোটরসাইকেলে করে ওই নারী কাওলা এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।