বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণে ইতালির অনুমোদন
দীর্ঘ ছয় দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ নির্মাণের অনুমোদন দিল ইতালি। ব্রিজটি দেশটির মূল ভূখণ্ডকে যুক্ত করবে দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপদ্বীপের সঙ্গে।
বুধবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আনুষ্ঠানিকভাবে একক স্প্যানবিশিষ্ট এ বৃহৎ ব্রিজ নির্মাণে অনুমোদন দেয়। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩.৫ বিলিয়ন ডলার।
ব্রিজটি নির্মিত হবে ভূমিকম্পপ্রবণ মেসিনা প্রণালির ওপর, এবং এটিকে ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।
চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, ব্রিজটির দৈর্ঘ্য হবে ৩.৩ কিলোমিটার। এর দু’পাশে নির্মিত হবে ৪০০ মিটার উচ্চতার দুটি টাওয়ার, যার মাঝখান দিয়ে চলবে দুইটি রেললাইন এবং উভয় পাশে থাকবে তিন লেনবিশিষ্ট সড়ক।
উল্লেখ্য, ১৯৬০-এর দশক থেকে সিসিলিকে মূলভূমির সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা থাকলেও উচ্চ ব্যয়, প্রকৌশল জটিলতা এবং পরিবেশগত ঝুঁকির কারণে প্রকল্পটি বারবার পিছিয়ে যায়। এবার সরকার আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে বাস্তবায়নের পথে অগ্রসর হলো।