'নিরস্ত্রীকরণ গুরুতর পাপ'—লেবানন সরকারকে হুঁশিয়ারি হিজবুল্লাহর
লেবানন সরকারের নিরস্ত্রীকরণ পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এটিকে ‘গুরুতর পাপ’ হিসেবে উল্লেখ করে কড়া ভাষায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বুধবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক চাপের মুখেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ছাড়ার প্রস্তাব নাকচ করেছে।
হিজবুল্লাহর দাবি, দেশের সমস্ত অস্ত্রের ওপর সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত তারা মেনে নেবে না। গোষ্ঠীটির ভাষ্যমতে, এই উদ্যোগ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই নেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার লেবাননের মন্ত্রিসভা একটি প্রস্তাবে দেশের সকল সামরিক ও বেসামরিক অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করতে সেনাবাহিনীকে আহ্বান জানায়।
উল্লেখ্য, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও সুসংগঠিত প্যারামিলিটারি গোষ্ঠী হিসেবে পরিচিত। ধারণা করা হয়, গোষ্ঠীটির কাছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে।