চট্টগ্রামে টানা বৃষ্টিতে ৪৫ বছর পুরনো কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পানির তোড়ে ভেঙে পড়েছে প্রায় ৪৫ বছর আগে নির্মিত একটি পুরনো কালভার্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ এলাকার শীতলঝর্ণা খালের ওপর অবস্থিত কালভার্টটি ধসে পড়ে।
এই কালভার্টটি নগরীর গুরুত্বপূর্ণ দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত যাতায়াতের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হতো। কালভার্ট ভেঙে পড়ায় চার লেন সড়কের এক পাশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচলে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, কালভার্টটি পুনর্নির্মাণের পরিকল্পনা আগে থেকেই ছিল। বর্ষা শেষে এর কাজ শুরু করার প্রস্তুতি ছিল এবং প্রস্তাবিত বাজেট ধরা হয়েছিল ৮ থেকে ৯ কোটি টাকা। তিনি জানান, আগামী ১০-১৫ দিনের মধ্যে নতুনভাবে বড় আকারে নির্মাণ কাজ শুরু হবে।
এদিকে, চট্টগ্রামে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর ও আগ্রাবাদ চকবাজার এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার বাসা-বাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে গেছে, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।