গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়লেও গ্রেফতার হয়নি কেউ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে খুন হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। ঘটনার একদিন পরেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টার দিকে, চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে বাদশা মিয়া নামের এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। তখন কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাদশার ওপর হামলা চালায়।
এই হামলার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাকে ভিডিও ডিলিট করতে বলেন। কিন্তু তুহিন সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও মোছায় অস্বীকৃতি জানান। এরপরই পাশের এক মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে হামলাকারীরা।
এ ঘটনায় সাংবাদিক সমাজসহ সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।