চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
মাত্র ৫ বছর বয়সেই ফুটবল মাঠে অসাধারণ দক্ষতা দেখিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একটি গ্রামের শিশু সোহান মুগ্ধ করেছে এলাকাবাসীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বলা হচ্ছে ‘ক্ষুদে মেসি’। তার ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ ও সাহসিকতা দেখে মুগ্ধ হচ্ছেন ফুটবলপ্রেমীরা।
সোহানের ফুটবল প্রতিভার খবর পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও। তার নির্দেশেই গত বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সোহানের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
মতলব উত্তর উপজেলার ক্রীড়া সংগঠক সামছুজ্জামান ডলার জানান, সোহানের প্রতিভাকে ধরে রাখতে তারেক রহমান আগ্রহ প্রকাশ করেছেন এবং শিশুটির ভবিষ্যৎ গঠনে কী ধরনের সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, যেমন চাঁদপুর-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, সাবেক সমন্বয়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদ সরকারসহ অনেকে।
এর আগেও সোহানের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।
সোহান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনি গ্রামের সাইকেল মেকানিক সোহেল প্রধানিয়া ও গৃহবধূ রেহানা বেগমের ছোট সন্তান। সে হাজী ইয়াসিন আলী কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার ফুটবল কোচ আর কেউ নন—নিজের বাবা।
সোহেলের ভাষায়, “আমি কখনো ফুটবল খেলিনি, কিন্তু ভালোবাসি। টিভি আর ইউটিউব দেখে ছেলেকে শেখাচ্ছি। আমি চাই সে মেসির মতো খেলোয়াড় হোক।” সোহান বলে, “এলাকার সবাই আমাকে ক্ষুদে মেসি বলে ডাকে, খুব ভালো লাগে।”
প্রতিবেশী আলমগীর সরকারের মতে, “এই শিশুটি একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজয় করবে।”
স্থানীয় ক্রীড়া সংগঠক সামছুজ্জামান ডলার বলেন, “এমন প্রতিভা রক্ষায় সরকারি সহায়তা ও বিকেএসপির মতো প্রতিষ্ঠান এগিয়ে না এলে সোহানের মতো প্রতিভা হারিয়ে যেতে পারে।”
সরেজমিনে দেখা যায়, ছোট্ট সোহান তার বল পায়ে মাঠে দুর্দান্তভাবে প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। তার দারিদ্র্যপীড়িত জীবনে ফুটবলই যেন আশার আলো। সাইকেল মেরামতের আয়েই চলে সংসার। টিনের দোচালা ঘরেই বেড়ে উঠছে এই সম্ভাবনাময় প্রতিভা।
উল্লেখ্য, সময় টেলিভিশনে সম্প্রতি সোহানকে নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। স্থানীয়রা মনে করেন, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সোহান হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা।