টঙ্গীতে ব্যাগে মিলল ৮ টুকরো মরদেহ, মাথা এখনো নিখোঁজ
গাজীপুর সদরে এক সাংবাদিককে জবাই করে হত্যার পর, আরেকজন সাংবাদিককে মাথা থেঁতলে আহত করার ঘটনার রেশ কাটতে না কাটতেই টঙ্গীতে উদ্ধার হলো এক অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ। ট্রাভেল ব্যাগে করে ফেলে যাওয়া মরদেহের ৮টি অংশ পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী পূর্ব থানার এসআই মোছাব্বির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “সকালে স্থানীয়রা স্টেশন রোডে রাস্তার পাশে দুটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ব্যাগ দুটি খুলে এক অজ্ঞাত পুরুষের শরীরের ৮টি খণ্ডিত অংশ উদ্ধার করে।”
পুলিশ জানায়, ট্রাভেল ব্যাগ দুটি স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনের রাস্তায় ফেলে যাওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, শেষ রাতের কোনো সময় এ ব্যাগ দুটি রেখে যাওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, “সকাল সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি চরম নির্মম ঘটনা। তদন্ত শুরু হয়েছে।”
এদিকে, ৭২ ঘণ্টার ব্যবধানে গাজীপুরে সাংবাদিক হত্যা, সাংবাদিককে মারধর এবং ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনাগুলোর প্রতিবাদে বিবৃতি দিয়েছে গাজীপুর মহানগর বিএনপি। সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেন, “সন্ত্রাসের কোনো দল নেই। এসব ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক গোষ্ঠীর হাত আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।