মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি, এক ব্যক্তির চোখ তুলে ফেলার চেষ্টা
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দেওয়া হয়। এ সময় এক যুবকের দু’চোখ তুলে ফেলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ডাকাতি প্রতিরোধের জন্য ওই এলাকায় নিয়মিত পাহারা দেয় স্থানীয় যুব সমাজ। শনিবার গভীর রাতে ওই এলাকায় তিন যুবকের অস্বাভাবিক চলাচল দেখে তাদের ধাওয়া করে পাহারাদাররা। পরে তাদের আটক করে বিক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দেয়।
আহত জাকির শেখ (৫০) নামে এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই যুবক হলেন ইসরাফিল মাতুব্বর (৪০) ও বাবুল শিকদার (২৫)। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।