কুয়ালালামপুরে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক, সহযোগিতা বাড়াতে চুক্তি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান। পরে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।
এদিনই প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে— হালাল ইকোসিস্টেম উন্নয়ন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতে অংশীদারিত্ব সম্পর্কিত নথি।
বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতার নানা বিষয় আলোচনায় উঠে আসে।