যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাজধানী অস্টিনে বন্দুকধারীর গুলিতে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (স্থানীয় সময়) বিকেলে শহরের একটি টার্গেট স্টোরের পার্কিং লটে এ ঘটনা ঘটে।
অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তি দুটি গাড়ি চুরি করে। পরে শহরের অন্য প্রান্তে গিয়ে পুলিশ তাকে আটক করে। সন্দেহভাজনের বয়স ত্রিশের কোঠায় এবং তার মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, দুপুর ২টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ঘটনাস্থলেই একজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু মারা যায়, অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। পার্কিং লট থেকে চুরি হওয়া একটি গাড়ির মালিকও সম্ভবত নিহতদের একজন।
হামলার পর সন্দেহভাজন প্রথমে একটি গাড়ি চুরি করে পালান, পরে সেটি দুর্ঘটনার শিকার হলে একটি গাড়ি ডিলারশিপ থেকে আরেকটি গাড়ি চুরি করেন। প্রায় ২০ মাইল দূরে দক্ষিণ অস্টিনে গিয়ে পুলিশ তাকে আটক করে।
অস্টিনের মেয়র কির্ক ওয়াটসন এ ঘটনাকে “জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতা” বলে মন্তব্য করেছেন। টার্গেট এক বিবৃতিতে জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করবে।
ঘটনার তদন্ত চলছে। মিশিগানের একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতের ঘটনার মাত্র দুই সপ্তাহেরও বেশি সময় পরে এ গুলির ঘটনা ঘটল।