আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন: ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।”
ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, পরিবেশ এখন স্থিতিশীল ও ব্যবসাবান্ধব। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।
রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশের জন্য বড় মানবিক ও রাজনৈতিক সংকট হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আসিয়ান এই সমস্যার টেকসই সমাধানে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
সকাল ১০টায় পুত্রাযায়ার প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকট বিষয়ে সহযোগিতাসহ মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।
এটি ছিল প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচি। বাকি সময়ে তিনি ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।