পিরোজপুরে প্রবাসীর মেয়ের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে এক নারী প্রবাসীর মেয়ের জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমি দখলের বিষয়টি স্থানীয়দের জানালে শালিসি বিচার হলেও অভিযুক্তরা তা মানছে না। এমনকি পুলিশ ক্যাম্পে গিয়েও তিনি কোনো সুরাহা পাচ্ছেন না।
জানা যায়, উপজেলার কুমারখালী গ্রামের লাকিয়া বেগম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিতে বিদেশে পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার আগে পরিবারের বসবাসের জন্য একটি জমি রেখে যান। এদিকে, লাকিয়া তার ছেলেকে বিদেশে নিয়ে গেলেও দেশে থাকেন স্বামী পরিত্যক্তা মেয়ে হীরা।
অভিযোগ অনুযায়ী, হীরা ঘর মেরামতের জন্য গেলে তার আপন মামাসহ স্থানীয় কালু ও হিমু বাহিনীর সদস্যরা বাধা দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও কোনো সমাধান মেলেনি। জমি থেকে কয়েকশ গজ দূরের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানালেও ফল মেলেনি।
হীরা অভিযোগ করে বলেন, “কালু ও হিমু আমার কাছে চাঁদা দাবি করে। না দিলে জমি দখল ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আমার মেয়েকে অপহরণের হুমকিও দিয়েছে।”
তার পক্ষে কথা বলায় স্থানীয় মো. এসকেন্দার আলী শেখও হুমকির শিকার হন। স্থানীয় বাসিন্দারা জানান, লাকিয়ার পরিবার বহুদিন ধরে সেখানে বসবাস করছে, কিন্তু সম্প্রতি কালু ও হিমু বাহিনী জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে লাকিয়ার ভাই ও হীরার মামা ফারুক দাবি করেন, জমিটি তার দাদার এবং তিনি ওয়ারিশ হিসেবে মালিকানা দাবি করছেন। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তিনি জানান, বোন বিদেশে যাওয়ার সময় জমিটি বন্ধক রাখা হয়েছিল, যা তিনি মুক্ত করেন এবং সেই টাকা ফেরত চান।
নাজিরপুর থানার ওসি মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া জানান, ভাই-বোনের মধ্যে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ এসেছে। বিষয়টি ল্যান্ড সার্ভে ও ট্রাইব্যুনালের আওতাভুক্ত হলেও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।