জয়পুরহাট সীমান্তে বিএসএফের আটক পাঁচ বাংলাদেশি বিজিবির কাছে হস্তান্তর
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে জয়পুরহাটের কয়া সীমান্তে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর পাঁচ বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।
বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিরা হলেন—খুলনার টুটপাড়া মহল্লার মো. মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫) এবং তাদের তিন সন্তান রমজান মোড়ল (৮), মুসকান মোড়ল (৫) ও আমেনা (২)।
বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভারতের বালুপাড়া সীমান্ত পিলার ২৮২/৪৩ (এস) থেকে প্রায় ৮০০ গজ ভেতরে তাদের আটক করে বিএসএফ। ২০২০ সালে তারা ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলামে একটি ভাঙারি দোকানে কাজ করছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ দৌলা বলেন, “পাঁচজনকে গ্রহণের পর থানায় হস্তান্তর করা হয়েছে।”
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, গরিবি ও সন্তানের চিকিৎসার জন্য পাঁচ বছর আগে ভারতে যান এবং আর দেশে ফেরেননি। প্রায় এক মাস আগে বিএসএফ তাদের আটক করে বেনাপোল সীমান্তে নিয়ে যায়, এরপর এক সপ্তাহ আগে কয়া সীমান্তে আনা হয় এবং আজ সকালে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।