শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

favicon
অনলাইন সংস্করণ
কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।


কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদীর অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের বহু কৃষিজমি।


নদীপাড়ের বাসিন্দারা জানান, পানি বৃদ্ধির হার অব্যাহত থাকলে এক-দুই দিনের মধ্যে পুরো চরাঞ্চল প্লাবিত হবে। তারা আরও বলেন, বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কেও দিন কাটাচ্ছেন এলাকাবাসী।


নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক জানান, তাদের চরে পানি ঢুকে পড়েছে, রাস্তাঘাট ডুবে গেছে এবং যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। রোপা আমন ধানের ক্ষেতও পানিতে তলিয়ে গেছে।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে, যা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে, আসন্ন বন্যা মোকাবিলায় বন্যাপ্রবণ ছয়টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হলো— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। এসব কন্ট্রোল রুম বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।