আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় তাণ্ডব, একদিনে নিহত শতাধিক ফিলিস্তিনি
আন্তর্জাতিক চাপ ও নিন্দা উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নির্বিচার হামলায় মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শহরটির সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনেই দিনভর ভারী বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৬১ জন। গত তিন দিনে গাজা সিটিতে প্রায় ৩০০ ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। শেখ রেদোয়ান এলাকাতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা, যাতে ৩৭ জন নিহত হয়।
এছাড়া, গাজায় অনাহার ও অপুষ্টিতে ভুগে মারা গেছেন আরও ৮ জন, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাণহানি দাঁড়িয়েছে ২৩৫ জনে, এর মধ্যে ১০৬ জনই শিশু।
উল্লেখ্য, গত সপ্তাহে গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা।