অসুস্থ ও অযোগ্য কাউকে হজে না নেওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার
শুধুমাত্র অর্থের কারণে দুর্বল, অসুস্থ এবং হজ পালনের মতো শারীরিকভাবে সক্ষম নন এমন কাউকে সৌদি আরবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়া এবং মুজদালিফায় টয়লেট সুবিধা আরও উন্নত করতে ঢাকা থেকে অনুরোধ জানানো হবে। এ বছরের মতো ২০২৬ সালেও সুন্দর ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও জানান, মধ্যসত্ত্বভোগীদের প্রভাব থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। হজ ফ্লাইটের ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে।
সৌদি আরবে জর্দা মাদক হিসেবে গণ্য হয় উল্লেখ করে তিনি বলেন, জর্দা বা সিগারেট সঙ্গে নিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তাই এসব সামগ্রী সঙ্গে না নেওয়ার জন্যও তিনি হজযাত্রীদের প্রতি আহ্বান জানান।