পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু, আহত দুই
পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে আটকা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পৌরসদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) এবং আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন—বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) এবং হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে তাহের উদ্দিনের বাড়িতে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ সকালে ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি অপসারণ করছিলেন শ্রমিকরা। এ সময় শ্বাসকষ্টে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবুল ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় সেপটিক ট্যাংকের মুখ বন্ধ থাকায় ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি, ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অক্সিজেনের ঘাটতিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।