সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ক্রাশার মিলেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার রাত ১০টার পর রাস্তায় আটকানো পাথরবোঝাই ৭৮টি ট্রাক থেকে প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলে দেওয়া হয়। উদ্ধারকৃত পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেওয়া হবে।
পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য দুই শত কোটি টাকারও বেশি।