শ্রীপুরে নদীতে ঝাঁপ দেওয়া কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়া কলেজছাত্রী লামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। ঘটনার ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় সুতিয়া, ব্রহ্মপুত্র ও বানার—তিন নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, টঙ্গী থেকে আসা চার সদস্যের একটি ডুবুরিদল সকাল থেকে তল্লাশি চালিয়ে দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে তিন নদীর মোহনায় লামিয়ার মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী সেতু থেকে নদীতে ঝাঁপ দেন লামিয়া। নিহতের বয়স ১৮ বছর, তিনি উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। লামিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
সহপাঠীরা জানান, নদীতে ঝাঁপ দেওয়ার আগে লামিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে পৃথিবীর প্রতি ক্ষোভ, অভিমান ও প্রিয়জনদের আচরণ নিয়ে আক্ষেপের কথা লিখেছিলেন।
ওসি আবদুল বারিক আরও জানান, লামিয়া বাড়িতে ব্যক্তিগত ডায়েরিতে কিছু লেখা রেখে গেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।